ঢাকা | বঙ্গাব্দ

শুভেন্দুর শপথ গ্রহণের দিন পাল্টা কর্মসূচির ডাক মমতার

  • অনলাইন ডেস্ক | ০৯ মে, ২০২৬
শুভেন্দুর শপথ গ্রহণের দিন পাল্টা কর্মসূচির ডাক মমতার ফাইল ছবি

পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) ব্রিগেডে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্রিগেড এলাকায় প্রস্তুতিও নেওয়া হয়েছে। 


প্রায় একই সময়ে কালীঘাটের বাড়ির চত্বরে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই তৃণমূলনেত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।


এ কর্মসূচিকে ঘিরে কোনও বড় আয়োজন না করা হলেও সময়ের প্রেক্ষাপটে কর্মসূচিটিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


তৃণমূল সূত্র বলছে, শনিবার মমতার বাড়ির অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সাবেক সদস্য ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়ের। 


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, কয়েকটি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি।


দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে স্থানীয় পর্যায়েও রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অতীতের মতো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিস্থিতি এবার নেই বলে স্বীকার করছেন দলটির নেতারা। বর্তমানে দলীয়ভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সহিংসতায় ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানোর বিষয়ে।


রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, শনিবারের এই সাংস্কৃতিক কর্মসূচি থেকে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কেও ইঙ্গিত দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করে দলীয় নেতাদের বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছিলেন তিনি।


thebgbd.com/NIT