জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক। তাদের দাবি, আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহার কম হলেও কোনো কোনো ক্ষেত্রে বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। কেউ কেউ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগও করেছেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো যাচাই করে সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিলে অসঙ্গতি বা অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে আবেদন করতে হবে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।