বগুড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একদল শ্রমিককে চাপা দিয়েছে। এ করুণ দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৫ জন।
আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার এএসআই শফিকুল ইসলাম শফিক বলেন, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- গাইবান্ধার আমিরুল, নূর আলম ও বেলাল হোসেন। তারা সবাই দিনমজুর ও কৃষিশ্রমিক।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের একটি খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে একদল শ্রমিক অপেক্ষমাণ ছিলেন।
বাস চাপায় ঘটনাস্থলেই তাদের তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরও তিনজনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ওসি ইব্রাহীম আলী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।