কষ্টের জমানো টাকায় সোনার গহনা গড়ার স্বপ্ন ছিল। স্বামীর চোখ বাঁচিয়ে একটু একটু করে গত আট বছর ধরে জমিয়েছিলেন পুরো ১২ লাখ টাকা। নিরাপদে রাখার জন্য জমানো টাকাগুলো যত্ন করে একটি স্টিলের বাক্সে বন্দি করে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি সেই বাক্স খুলতেই অন্তরে কাঁপন ধেয়ে এল তার—সব স্বপ্ন নিমেষেই চুরমার! বাক্সের ভেতর থাকা কোনো নোটই আর আস্ত নেই, ইঁদুরে কেটে একদম ঝুরি ঝুরি করে ফেলেছে।
ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঘাসের ওপর দুটি বস্তা বিছিয়ে তার ওপর ছড়িয়ে রাখা হয়েছে ছিঁড়েখুঁড়ে একাকার হওয়া রাশি রাশি টাকা। সেখানে কয়েকজন ব্যক্তি খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করছেন—কোনো একটি নোট অন্তত ভালো অবস্থায় বেঁচে গেছে কি না।
জানা গেছে, ২০১৯ সাল থেকে স্বামী আড়ালে সংসার খরচ ও নিজের হাতখরচ বাঁচিয়ে এই মোটা অঙ্কের টাকা জমাচ্ছিলেন ওই নারী। গহনা বানানোর সিদ্ধান্ত নিয়ে যখন হাসি মুখে বাক্সটি খোলেন, তখন ভেতর থেকে বেরিয়ে আসে কেবল কাগজের টুকরো। শেষমেশ কান্নায় ভেঙে পড়ে স্বামীকে সব কথা জানাতে বাধ্য হন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই দুর্ভাগ্যজনক ঘটনায় ওই নারীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে একটি বড় অংশ পরামর্শ দিয়ে বলছেন—টাকা এভাবে আলমারি বা বাক্সে না রেখে ব্যাংকে জমা রাখাটাই ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
thebgbd.com/NIT