শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে পশ্চিম জার্মানির কোলোন শহরে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, রোবটটির সম্ভাব্য ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী ঘটনাটি ভিডিও করেন। পরে তারা অনলাইনে সম্প্রচার করেন এবং এ নিয়ে ধারাভাষ্য দেন বলে অভিযোগ উঠেছে।
কোলোন পুলিশের মুখপাত্র ক্রিস্টোফ বার্মেল জানান, দুই তরুণের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। তবে তাদের সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোবটটির নড়াচড়া আগে থেকেই প্রোগ্রাম করা ছিলো, নাকি দুই তরুণ সরাসরি নিয়ন্ত্রণ করছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের বিবৃতি অনুযায়ী, একটি ফাস্টফুড রেস্তোরাঁর কাছে ঘটনাস্থলে গিয়ে জরুরি সেবাকর্মীরা গাড়ির ডিকিতে রোবটটিকে খুঁজে পান। পরে রোবটটি ও দুই তরুণের মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রায় ১২০ সেন্টিমিটার উচ্চতার লাল-সোনালি রোবটটির পরনে ছিল সাদা হাতাকাটা গেঞ্জি, কালো ট্রাউজার, সোনালি চেইন ও সানগ্লাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রোবটটিকে কয়েকজন নারীর কাছে যেতে, ধাক্কা খেতে ও জড়িয়ে ধরতে দেখা যায়।
পুলিশ সতর্ক করে বলেছে, এ ঘটনা নিয়ে ঠাট্টা করা বা ভিডিও ছড়িয়ে দেওয়া ভুক্তভোগীর ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়াতে পারে।
সূত্র: এপি
thebgbd.com/BYB