মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে আসন্ন আলোচনার জন্য তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, যদি পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক নাও করেন, তাহলেও তিনি রুশ নেতার সঙ্গে বৈঠক করতে পারেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ওভাল অফিসে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, যে সেই সময়সীমা এখনও বহাল আছে কি-না? ট্রাম্প স্পষ্টভাবে এর উত্তর দেননি। ট্রাম্প বলেন, ‘এটা (পুতিনের) ওপর নির্ভর করবে’। আমরা দেখব তিনি কী করেন বা বলেন।’
জানুয়ারীতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক আক্রমণ বন্ধ করার জন্য মস্কোর ওপর চাপ দিয়ে আসছেন। বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, ‘আগামী দিনগুলোতে’ পুতিন ট্রাম্পের সঙ্গে একটি শীর্ষ বৈঠকে যোগদান করবেন। তবে রুশ নেতা বৈঠকে জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, তাকে যে কোনও আলোচনায় সম্পৃক্ত থাকতে হবে। যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, পুতিনের কি শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কির সঙ্গে দেখা করা প্রয়োজন, তখন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, তার দরকার নেই’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সম্ভাব্য বৈঠকটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ওয়াশিংটন এটি নিশ্চিত করেনি।
সূত্র: এএফপি
এসজেড