ঢাকা | বঙ্গাব্দ

রুশ কারখানা বিস্ফোরণে মৃত বেড়ে ২০

রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্ট্রি প্রকাশিত ছবিতে দেখা যায়, কারখানার একটি হল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৯ আগস্ট, ২০২৫
রুশ কারখানা বিস্ফোরণে মৃত বেড়ে ২০ উদ্ধার তৎপরতা চলছে।

মস্কোর নিকটবর্তী রায়জান শহরের একটি গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের তদন্ত শুরু হয়েছে।


মস্কো থেকে এএফপি জানায়, গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রায়জান অঞ্চলের ইলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় শুক্রবারের বিস্ফোরণে প্রথমে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রায়জান মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।


সোমবার স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার ফলে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৪ জন। তাদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারখানাটির নাম প্রকাশ করেনি। তবে সোমবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সূত্র রয়েছে এমন ১১২ টেলিগ্রাম চ্যানেল জানায়, একটি ত্রুটিপূর্ণ শেলের বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলটি আরও জানায়, এর আগে কারখানাটিকে শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ। রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্ট্রি প্রকাশিত ছবিতে দেখা যায়, কারখানার একটি হল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কর্মকর্তারা জানান, উদ্ধার তৎপরতা এখনও চলছে।


রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা করেছে, যা ইঙ্গিত দেয় বিস্ফোরণটি ইউক্রেনের হামলার কারণে ঘটেনি। রাশিয়ায় এধরনের প্রাণঘাতী শিল্প দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কারণ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এমন ঘটনা ঘটে থাকে। ২০২১ সালে একই কারখানায় আরেকটি ভয়াবহ বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর কারখানার কয়েকজন কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়।


সূত্র: এএফপি


এসজেড