ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের পূর্ণাঙ্গ প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তালিকা প্রস্তুত করে কমিশন সচিবালয়ে জমা দিতে হবে। এ জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনায় যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের ভিত্তিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের চূড়ান্ত প্যানেলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি নারী ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় রেখে পর্যাপ্ত সংখ্যক মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের ওপরও জোর দিয়েছে কমিশন।
thebgbd.com/NIT