ঢাকা | বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে জামায়াত সংশ্লিষ্ট কোম্পানির মেশিন বাতিল, হাতে গোনা হবে ভোট

এদিকে ইসলামী ছাত্রশিবির অভিযোগ করেছে, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর, ২০২৫
জাকসু নির্বাচনে জামায়াত সংশ্লিষ্ট কোম্পানির মেশিন বাতিল, হাতে গোনা হবে ভোট ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট হাতে গোনা হবে। যে ওএমআর মেশিন কেনা হয়েছে তা জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কোনো এক অখ্যাত কোম্পানির বলে অভিযোগ ওঠার পর ভোট হাতে গোনার সিদ্ধান্ত নেওয়া হয়।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।


তিনি বলেন, যেহেতু ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন সব ভোট হাতে গণনা করা হবে।


এদিকে ইসলামী ছাত্রশিবির অভিযোগ করেছে, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ছাত্রদলের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামীর কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয়প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন কেনা হয়েছে।


ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, ‘ছাত্রশিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপি করার বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। ’


৩৩ বছর পর জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে মোট ৮টি প্যানেল অংশ নিচ্ছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে।


জাকসু নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। এই বিপুল পরিমাণ ভোট হাতে গুনতে অনেক সময় লেগে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে সংশ্লিষ্টদের বেশ ভোগান্তি পোহাতে হবে।


thebgbd.com/NIT