ঢাকা | বঙ্গাব্দ

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

  • অনলাইন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল কাতারে আর কোনো হামলা চালাবে না। গত সপ্তাহে দোহায় একাধিক হামলার পর স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে হামলা করবেন না। কাতার আমাদের খুব ভালো মিত্র।


তবে তিনি ইঙ্গিত দেন, হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েল অন্য ধরনের পদক্ষেপ নিতে পারে।


অ্যাক্সিওস ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার আগে নেতানিয়াহু ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অবহিত করেছিলেন। তবে ট্রাম্প তা অস্বীকার করে বলেন, ‘না, তারা করেনি। আমি যেভাবে জানলাম, আপনিও সেভাবে জানলেন।’


হোয়াইট হাউসের দাবি, মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে জানায় যখন ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে আকাশে উড়ে গিয়েছিল। ফলে আপত্তি জানানোর সুযোগ পাননি প্রেসিডেন্ট।


এর মধ্যে সোমবার দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, এসব হামলা ‘মধ্যপ্রাচ্যে শান্তির যেকোনো সম্ভাবনাকে দুর্বল করে’ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘সরাসরি হুমকি’।


সম্মেলন অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ইসরায়েলের ‘নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা’ প্রতিহত করার আহ্বান জানিয়েছে এবং কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।


thebgbd.com/NIT