ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে মদ-গাঁজা নিষিদ্ধ, র‍্যাগিং করলে চিরতরে বহিষ্কার

মাদক সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, আর্থিক জরিমানা, বা উভয় দণ্ড হতে পারে।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ সেপ্টেম্বর, ২০২৫
জাবিতে মদ-গাঁজা নিষিদ্ধ, র‍্যাগিং করলে চিরতরে বহিষ্কার ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন শিক্ষার্থীদের মাদক সেবন, ব্যবসা এবং র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালের ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ’-এর ৫(দ) ধারা অনুযায়ী ক্যাম্পাসে, আবাসিক হলে বা অন্য যেকোনো স্থানে কোনো শিক্ষার্থী কোনো ধরনের মাদকদ্রব্য—যেমন মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন বা ইয়াবা—সেবন বা ব্যবসা করতে পারবে না।


মাদক সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, আর্থিক জরিমানা, বা উভয় দণ্ড হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেছে।


আরেকটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হবে।


thebgbd.com/NIT