ঢাকা | বঙ্গাব্দ

ফ্লোটিলা থেকে আটক ইতালীয়রা আজ ফিরবে

কয়েকজন ইতালীয় তাদের আটক অবস্থার নিন্দা করেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের তাদের প্রতি অবমাননাকর আচরণের কথা বলেন।
  • অনলাইন ডেস্ক | ০৬ অক্টোবর, ২০২৫
ফ্লোটিলা থেকে আটক ইতালীয়রা আজ ফিরবে ফ্লোটিলার একটি নৌযান।

গাজাগামী মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সুমুদ এইড ফ্লোটিলা থেকে আটক ইতালির ১৫ জন নাগরিক আজ সোমবার দেশে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী জাহাজটি আটকে দেওয়ার সময় ইতালির এই নাগরিকদের আটক করা হয়। ইতালির পররাষ্ট্র মন্ত্রী আন্তোনিও তাজানি এ তথ্য জানিয়েছেন।


তাজানি রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘ফ্লোটিলার বাকি ১৫ জন ইতালীয় নাগরিক সোমবার একটি চার্টার ফ্লাইটে এথেন্সের উদ্দেশ্যে রওনা দেবেন। তারা গ্রিসে পৌঁছানোর পর, আমাদের দূতাবাসের সহায়তায় পরবর্তী সময়ে তারা ইতালির দিকে রওনা হবেন।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।


প্রথম দলে থাকা ২৬ জন ইতালীয় নাগরিক গত শনিবার ইসরায়েল ছেড়ে এলেও, এই ১৫ জনকে তাদের বিচারিক বহিষ্কারের জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ তারা তাদের স্বেচ্ছায় মুক্তির অনুমতি দেওয়ার জন্য একটি ফর্মে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।


যখন প্রথম দলটি ইতালি ফিরে আসে, তখন রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ২০০ জন তাদের অভ্যর্থনা জানায়। ফ্লোটিলার কয়েকজন ইতালীয় সদস্য তাদের আটক অবস্থার নিন্দা করেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা তাদের প্রতি অবমাননাকর আচরণের কথা বলেন।


ফ্যানপেজ নামক অনলাইন মিডিয়া সাইটের সাংবাদিক সাভেরিও টমাসি বলেন, ‘বন্দি থাকা অবস্থায় তার মাথায় ও পিঠে আঘাত করেছে ইসরাইলিরা।’ টমাসিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ‘আমাদেরকে ১৯২০ সালের সবচেয়ে খারাপ সার্কাসের পুরোনো বানরের মতো আচরণ করা হয়েছে।’ 


সূত্র: এএফপি


এসজেড