ঢাকা | বঙ্গাব্দ

৪ মাসে রেমিট্যান্স এসেছে ১০ বিলিয়ন ডলার

  • নিজস্ব প্রতিবেদক | ০৩ নভেম্বর, ২০২৫
৪ মাসে রেমিট্যান্স এসেছে ১০ বিলিয়ন ডলার ফাইল ছবি

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী বাংলাদেশিরা দেশে ১০১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার (বা ১০ দশমিক ১৫ বিলিয়ন ডলার) সমপরিমাণ বৈদেশিক অর্থ পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসেবে)।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্স আহরণের এই পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের (২০২৪-২৫) চেয়ে ১৩ দশমিক ৫৬ শতাংশ বেশি। গত অর্থবছরে প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছিল ৮৯৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সর্বশেষ অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের (২৩৯ কোটি ৫০ লাখ ডলার) তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি।


চলতি অর্থবছরে মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ বেশ শক্তিশালী ছিল। জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপের ফল এটি। হুন্ডি প্রতিরোধে কঠোরতা, প্রণোদনা দেওয়া এবং ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ও ধারাবাহিক ধারা বজায় আছে। এই বিপুল প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে।


প্রসঙ্গত, গত ২০২৪-২৫ অর্থবছরেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছিল। ওই অর্থবছর শেষে দেশে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের অর্থবছরের (২৩.৭৪ বিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।


thebgbd.com/NIT