বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি বাংলাদেশের মানুষের দল। বিএনপির ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি কখনো পালিয়ে যায় না, অথবা ভয়ে আত্মসমর্পণও করে না।
শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে জেলার বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন চারটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিষয়ের ১২০ জন বিশেষজ্ঞ ডাক্তার এবং ২০ জন মেডিকেল টেকনোলজিস্ট প্রায় ১৮ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে আমরা অত্যন্ত সচেতন। সেই লক্ষ্যে বিএনপির তত্বাবধানে এখানে বিভিন্ন পর্যায়ের ডাক্তারা এসে সেবা দিচ্ছেন। শুধু এখনই নয়, আগামীতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প ধারাবাহিক ভাবে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরে আয়োজন করবো।
এ সময় তিনি স্থানীয় মানুষদের কাছে বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নির্বিঘ্নে দেশে ফিরে মানুষের পাশে থাকতে পারেন সেজন্যও দোয়া করতে বলেন।
এদিন আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চার উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফল করতে সাহায্য করেন।
thebgbd.com/NIT