ঢাকা | বঙ্গাব্দ

গুজব ছড়ানো গুনাহ: মিজানুর রহমান আজহারি

মুসলমান কখনো গুজবের বাহক হতে পারে না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার—অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনো গুজবের মাইক হয় না।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর, ২০২৫
গুজব ছড়ানো গুনাহ: মিজানুর রহমান আজহারি ছবি : সংগৃহীত।

মুসলমান কখনো গুজবের বাহক হতে পারে না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার—অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনো গুজবের মাইক হয় না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ডসহ পোস্ট করে তিনি এ মন্তব্য করেন।

পোস্টের কমেন্টবক্সে আজহারি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করার আগে অবশ্যই ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম শুনে পাওয়া যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া ছড়িয়ে দিতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অসত্য বা অসম্পূর্ণ সংবাদ সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তথ্য প্রচারে সতর্ক থাকা প্রতিটি মুসলিমের দায়িত্ব। গুজব ছড়ানো বা ভুল তথ্য প্রকাশ করা গুনাহের কাজ।

আজহারি আরও লিখেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়। তথ্যের উৎস যাচাই করুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন—অনেক সময় প্রকাশিত সংবাদ মূল ঘটনার কাছাকাছিও যায় না।

তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এর আগে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কথা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিভিন্ন পোস্টে দাবি করা হয়—তিনি নাকি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। তবে দলটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

তিনি আরও আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে ভুয়া তথ্য প্রচার না করতে এবং এসব গুজবে বিভ্রান্ত না হতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর থেকেই আজহারিকে অভিনন্দন জানিয়ে পোস্টের বন্যা দেখা যায়। অনেকেই অনানুষ্ঠানিক সূত্র ধরে ধরে নিয়েছিলেন যে তিনি এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তবে দলটির ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

thebgbd.com/NA