ঢাকা | বঙ্গাব্দ

দল–মার্কা দেখে ভোট দেওয়ার সেই অবস্থা এখন নেই: সারজিস আলম

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ নভেম্বর, ২০২৫
দল–মার্কা দেখে ভোট দেওয়ার সেই অবস্থা এখন নেই: সারজিস আলম ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে; মানুষ এখন আর দল বা প্রতীকের দিকে অন্ধভাবে তাকিয়ে ভোট দেয় না। 


রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


সারজিস আলম বলেন, অতীতের রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভর করে যারা মনে করছেন নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে আগের মতোই জয়লাভ করা সম্ভব—তারা ভুল করছেন। তিনি বলেন, সময় থাকতে জনগণের কাছে যান, তাদের কথা শুনুন। অনেক এলাকায় কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এসব পাশ কাটিয়ে শুধু নির্বাচনের আগে মাঠে গিয়ে ভোট পাওয়ার কোনো সুযোগ নেই।


তিনি আরও বলেন, দেশের জনগণ এখন সচেতন, তারা আর কোনো দলের প্রতি অন্ধভাবে অনুগত থাকবে না। ভোট দেওয়ার ক্ষেত্রে বয়স, দল বা প্রতীকের সীমাবদ্ধতার বাইরে গিয়ে প্রার্থী বেছে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি বলেন, ‘আমরা আপনাদের আহ্বান করবো, আপনারা মাঠে যান এবং এনসিপির যারা নেতাকর্মী আছেন, তারা যেভাবে মাঠে যাচ্ছেন, কাজ করছেন আমরা আশাবাদী আগামীতে মাঠ পর্যায়ে বাংলাদেশের মানুষ আর কোনো দলের প্রতি অন্ধ থাকবে না।’


এনসিপির সাংগঠনিক অগ্রগতির বিষয়ে সারজিস আলম জানান, বাংলাদেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম চলছে। উত্তরাঞ্চলের ৩২ জেলার মধ্যে ইতোমধ্যে ২০ জেলায় কমিটি করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।


তিনি বলেন, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এনসিপির সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।


thebgbd.com/NIT