২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তিনজন জেনারেলকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আক্রমণের ঘটনায় ব্যর্থতার পদ্ধতিগত তদন্তের আহ্বান জানানোর দুই সপ্তাহ পর এ পদক্ষেপ নেওয়া হলো। তদন্তের পর, জামির রোববার রাতে বলেন, তিনি ‘ইসরায়েল রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে’ সেনাবাহিনীর ব্যর্থতার জন্য বেশ ক’জন সিনিয়র কমান্ডারকে বরখাস্ত ও তিরস্কার করেছেন।
বরখাস্ত করা জেনারেলদের তিনজনই ডিভিশনাল কমান্ডার। তাদের মধ্যে একজন ওই সময় সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামাসের গাজা থেকে চালানো হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী।
তবে বরখাস্তের আগে তারা সবাই পদত্যাগ করেন। এছাড়া, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও চারজন জেনারেল ও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড