ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে রোববার (৩০ নভেম্বর) সাতকানিয়ার কেরানীহাট এলাকায় যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল, তা ১৫ দিনের আশ্বাসে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে রোববার (৩০ নভেম্বর) সাতকানিয়ার কেরানীহাট এলাকায় যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল, তা ১৫ দিনের আশ্বাসে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর এটি প্রত্যাহারের ঘোষণা আসে।


সকাল ১০টা থেকে ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’-এর ব্যানারে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও জনপ্রতিনিধিরা সড়কে অবস্থান নিলে মহাসড়কজুড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই সড়ককে "মরণফাঁদ মহাসড়ক" উল্লেখ করে তারা দুই দশকেরও বেশি সময় ধরে চলা দুর্ঘটনা, যানজট ও জনদুর্ভোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা উল্লেখ করেন, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান এই তিন জেলার কোটি মানুষের জীবনরেখা এই সড়কের উন্নয়ন বিলম্ব, অনুমোদন জটিলতা ও টেন্ডার প্রক্রিয়ার ধীরগতির কারণে আটকে আছে।


বেলা ১২টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে তামিম মির্জা সাংবাদিকদের জানান যে, উপদেষ্টা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্থানীয় প্রশাসন এবং সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর অনুরোধে ১৫ দিনের জন্য ব্লকেড কর্মসূচি স্থগিত করা হয়েছে।


তিনি বলেন, "আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে ১৫ দিনের মধ্যে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের কষ্টের কথা চিন্তা করে আমরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু দাবির বিষয়ে কোনো ছাড় নেই। সময়মতো সাড়া না পেলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হব।"


ব্লকেড প্রত্যাহারের ঘোষণা আসার পরপরই আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যেতে শুরু করেন এবং কেরানীহাট এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, "প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবিগুলো নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করা হবে এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।"



thebgbd.com/NA