ফিলিস্তিনে ইসরায়েলের এক হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে একজন হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের পাঁচ সেনা আহত হওয়ার পর এ হামলা হয়। গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ‘দুই শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ সংস্থাটি জানায়, খান ইউনিসের কুয়েতি ফিল্ড হাসপাতালের কাছের একটি আশ্রয় কেন্দ্রে এ হামলা চালানো হয়। হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৩২ জন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বুধবার পূর্ব রাফাহ এলাকায় অভিযানের সময় সেনারা কয়েকজন যোদ্ধার মুখোমুখি হয়। তারা মাটির নিচের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে। এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। আরও দুই সেনা ও এক অফিসার মাঝারি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ও তাদের পরিবারকে জানানো হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর আহত সেনাদের দ্রুত সুস্থতা কামনা করেছে। তিনি হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছেন। গাজার এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পূর্ব রাফাহ এলাকায় দখলদার বাহিনীর যান থেকে তীব্র গোলাবর্ষণ হয়। একই সময়ে যুদ্ধবিমান থেকেও ভারী গুলি ছোড়া হয়। একটি ইসরায়েলি হেলিকপ্টারও সেখানে অবতরণ করেছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানায়। একই সময়ে ইসরায়েল জানিয়েছে, তাদের তিন সেনা নিহত হয়েছেন।
সূত্র: এএফপি
এসজেড