ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতেই দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এই আবহে আসন সমঝোতা ও জোটের পরিধি বাড়াতে আজ রোববার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আট দলীয় জোট।
সংশ্লিষ্ট সূত্রমতে, এই সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে নির্বাচনী আসন বণ্টনের চূড়ান্ত রূপরেখা এবং নতুন শরিকদের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বর্তমান আট দলের সাথে আরও চারটি গুরুত্বপূর্ণ দল এই জোটে যুক্ত হতে যাচ্ছে। নতুন করে যুক্ত হতে যাওয়া সম্ভাব্য দলগুলো হলো— আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি এবং তরুণ প্রজন্মের আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সম্প্রসারণের মাধ্যমে জোটটি নির্বাচনে একটি শক্তিশালী 'তৃতীয় শক্তি' হিসেবে আত্মপ্রকাশ করতে চায়।
নির্বাচনী লড়াইয়ে একক শক্তি প্রদর্শনে জোটের দলগুলো ‘ওয়ান বক্স পলিসি’ বা ‘এক আসনে জোটের এক প্রার্থী’ নীতিতে এগোচ্ছে। আজকের সংবাদ সম্মেলনে ৩০০ আসনের বিপরীতে কোন দল কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার একটি খসড়া বা চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে।
এদিকে, জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে যোগ দেওয়া নিয়ে নতুন দল এনসিপিতে দেখা দিয়েছে চরম অস্থিরতা। দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং আদর্শিক বিচ্যুতি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। পদত্যাগকারী নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণাও দিয়েছেন, যা জোটের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব থাকা এই জোটের মূল লক্ষ্য পাঁচটি— নির্বাচনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি। ফ্যাসিবাদী শাসনামলের অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার। নির্বাচনের আগে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ।
thebgbd.com/NA