ঢাকা | বঙ্গাব্দ

‘বাংলাদেশ লিটন দাসকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে বাদ দিলাম’

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ জানুয়ারি, ২০২৬
‘বাংলাদেশ লিটন দাসকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে বাদ দিলাম’ ফাইল ছবি

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি খেলোয়াড় নিষিদ্ধের জোরালো দাবি তুলেছিল ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। তারই জেরে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার দাবি উঠেছিল। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 


এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চলছে পরস্পরবিরোধী মন্তব্য। এই ইস্যুতে কংগ্রেস নেতা শশী থারুর এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও মত দিয়েছেন। কেউ খেলাকে রাজনীতির সঙ্গে না মেশানোর আহ্বান জানিয়েছেন, কেউ আবার ভিন্ন রাজনৈতিক মন্তব্য করেছেন। এবার বিষয়টিতে মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দলের (ইউনাইটেড) শীর্ষ নেতা কে সি ত্যাগী। 


ত্যাগী জোর দিয়ে বলেছেন, খেলাধুলায় রাজনৈতিক উত্তেজনার প্রভাব থাকা উচিত নয়। যদিও বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন তিনি। এই নেতা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সনাতন ধর্মের লিটন দাসকে নিযুক্ত করার উদাহরণ দিয়ে ভারতের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেছেন।


ত্যাগী বলেন, ‘খেলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয়। কিন্তু ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব খেলাধুলার আবহেও পড়ে। সীমান্তে সন্ত্রাসবাদ এবং বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় ভারতের সমাজ ক্ষুব্ধ। এই অনুভূতিগুলোই হয়তো বিসিসিআইয়ের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’


ত্যাগী আরও বলেন, জনগণের আবেগ বিসিসিআইর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। কিন্তু খেলা নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের ওপর রাজনীতির আধিপত্য থাকা উচিত নয়। তিনি বলেন, ‘রাজনীতি যেন অতিরিক্তভাবে খেলাধুলাকে প্রভাবিত না করে। বাংলাদেশ যখন তাদের জাতীয় দলের অধিনায়ক হিসেবে একজন সংখ্যালঘু, হিন্দু ক্রিকেটার লিটন দাসকে দায়িত্ব দিয়েছে, তখন আমাদের বিষয়টি নতুন করে ভাবা উচিত।’


এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ শক্ত বার্তা দিয়েছে মনে করেন তিনি, ‘বাংলাদেশে বিভিন্ন ঘটনায় আমরা ক্ষুব্ধ এবং আইপিএল থেকে একজন বাংলাদেশি ক্রিকেটারকে সরিয়ে দিলো। কিন্তু বাংলাদেশ একজন সংখ্যালঘু হিন্দু ক্রিকেটারকে দলের অধিনায়ক করল।’


মুস্তাফিজ ইস্যুতে এরপর হয়েছে আরও অনেক কিছুই। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরও করবে না টাইগাররা, ফলে সূচিতেও বদল আসছে। এছাড়া ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা তো আছেই।


thebgbd.com/NIT