ঢাকা | বঙ্গাব্দ

তামিম ইকবাল ভারতীয় দালাল: বিসিবি পরিচালক

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জানুয়ারি, ২০২৬
তামিম ইকবাল ভারতীয় দালাল: বিসিবি পরিচালক ফাইল ছবি

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের প্রেক্ষিতে তাকে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্টটি মুছে ফেলেন তিনি।

নিরাপত্তা শঙ্কা ও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গন সরগরম। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের মতামত দেন তামিম ইকবাল।

তামিমের সেই বক্তব্যের একটি ‘ফটোকার্ড’ শেয়ার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তার ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও।

তামিম ইকবাল তার বক্তব্যে আবেগের চেয়ে ক্রিকেটীয় বাস্তবতা ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। তবে অনেক সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। আমি বোর্ডে থাকলে হুট করে মন্তব্য না করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’

এছাড়া বিসিবির মোট আয়ের সিংহভাগ—প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ—আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আসে উল্লেখ করে বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতা মাথায় রাখার পরামর্শ দেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

বোর্ডের একজন নীতিনির্ধারক এবং অর্থ কমিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থেকে জাতীয় দলের সাবেক অধিনায়কের প্রতি এমন শব্দচয়নকে অনভিপ্রেত ও অপেশাদার হিসেবে দেখছেন ক্রিকেটপ্রেমী ও নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর গভীর রাতে নাজমুল ইসলাম তার পোস্টটি সরিয়ে নেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন এম নাজমুল ইসলাম। পরদিন অনুষ্ঠিত বোর্ড সভায় তাকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

thebgbd.com/BYB