দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতার ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ভেনিজুয়েলার অর্থ ছাড় করতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভেনিজুয়েলা। এর মধ্যে তেল নিষেধাজ্ঞাও রয়েছে। ২০১৮ সালে বিতর্কিত পুনর্নির্বাচনের পর নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আন্তর্জাতিক বিভিন্ন হিসাবে ভেনিজুয়েলার বিপুল অর্থ জব্দ করা হয়। মাদুরো ২০২২ সালে জানান, ওই অর্থের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার। কারাকাস থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রোদ্রিগেজ বলেন, ‘আমরা ভেনিজুয়েলার জনগণের মালিকানাধীন সম্পদ ছাড় করে নিচ্ছি। এই অর্থ দিয়ে হাসপাতালের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কেনা সম্ভব হবে—যেগুলো আমরা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে সংগ্রহ করছি।’ তবে কত অর্থ ছাড় করা হচ্ছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
মাদুরোকে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক প্রাণঘাতী সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত করার পর থেকে রোদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওয়াশিংটনের একাধিক সমঝোতা হয়েছে। রোদ্রিগেজ বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন, তা পুনর্ব্যক্ত করছি—আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে পারস্পরিক সম্মান ও সৌজন্যপূর্ণ যোগাযোগের চ্যানেল স্থাপন করেছি এবং একটি কার্যকর কর্মসূচি নিয়ে কাজ করছি।’
ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, রোদ্রিগেজের অন্তর্বর্তী সরকার—যেটি মূলত মাদুরো অনুগতদের নিয়ে গঠিত—যদি ওয়াশিংটনের শর্ত মানতে ব্যর্থ হয়, তবে তার পরিণতিও মাদুরোর মতো হতে পারে। এর মধ্যে রয়েছে ভেনিজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া। ট্রাম্প রোদ্রিগেজের নেতৃত্বকে ‘খুবই শক্তিশালী’ বলে আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভেনিজুয়েলার তেল থেকে একটি অংশ পাচ্ছে। তবে রোদ্রিগেজ জোর দিয়ে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নেই।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল মজুদের ওপর বসে আছে ভেনিজুয়েলা। একসময় দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল। ২০০৭ সাল পর্যন্ত একাধিক মার্কিন তেল কোম্পানি সেখানে কার্যক্রম চালাত। গত সপ্তাহে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করে, নিকারাগুয়া ও হন্ডুরাসের সাবেক রাষ্ট্রদূত লরা এফ ডোগু—ভেনিজুয়েলায় নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এটি ২০১৯ সালে ছিন্ন হওয়া পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্টের মেয়াদের অর্ধেকের আগে পদ শূন্য হলে নতুন নির্বাচন বাধ্যতামূলক। মাদুরো জানুয়ারি ২০২৫ সালে শপথ নেন। তবে তার ছেলে ও সংসদ সদস্য নিকোলাস মাদুরো গেররা মঙ্গলবার বলেন, তার বাবাকে যেভাবে ‘অপহরণ’ করা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে নতুন নির্বাচনের কোনো সাংবিধানিক বিধান নেই। কারাকাসে এএফপিকে তিনি বলেন, ‘কোনো সময়সীমা চলছে না। নির্বাচন আলোচনায় নেই।’
সূত্র: এএফপি
এসজেড