যুক্তরাষ্ট্রের উত্তরুপূর্বাঞ্চলের পটাকেট শহরের একটি আইস হকি ম্যাচ চলাকালে সোমবার গুলির ঘটেছে। এতে অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দে আতঙ্কিত কিশোরদের ছোটাছুটি করতে দেখা যায়। পটাকেট থেকে এএফপি এ খবর জানিয়েছে।
রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ওই এলাকার পুলিশ প্রধান টিনা গনকালভেস বলেন, ‘তিনজন মারা গেছে। একজন সন্দেহভাজন এবং দুজন ভুক্তভোগী। এছাড়া তিনজন হাসপাতালে রয়েছে।’ তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত ছিল এবং পারিবারিক বিরোধের কারণে এটি ঘটে থাকতে পারে। ভুক্তভোগীদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আহতদের অবস্থা ‘সংকটাপন্ন’ বলে জানান পুলিশ প্রধান।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৪০০টির বেশি এ ধরনের হামলার ঘটনা ঘটে। সংস্থাটি চারজন বা তার বেশি ব্যক্তি গুলিবিদ্ধ বা নিহত হলে তাকে ‘ম্যাস শুটিং’এর ঘটনা হিসেবে গণ্য করে। তবে এই সংখ্যার মধ্যে নিহত হামলাকারীকে ধরা হয় না। গত বছর দেশটিতে বন্দুকধারীর সহিংসতায় অন্তত ১৪ হাজার ৭০৩ জন নিহত হয়েছেন। আত্মহত্যার ঘটনাগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।
সোমবারের ঘটনাটি ঘটে একটি হাইস্কুল আইস হকি ম্যাচ চলার সময়। এর দুই মাস আগে ওই এলাকা থেকে মাত্র ৩ দশমিক ৫ মাইল (৫ দশমিক ৬ কিলোমিটার) দূরের ব্রাউন ইউনিভার্সিটি এলাকায় আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে।
সূত্র: এএফপি
এসজেড