চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৫ কোটি ৭৫ লাখ ডলার। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
রোববার তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ১৬২ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে প্রায় ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে গত ফেব্রুয়ারিতে দেশে আসে প্রায় ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। আর জানুয়ারিতে আসে প্রায় ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা কোনো এক মাসে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
এদিকে ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
thebgbd.com/NIT