ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে দুইজন নিহত হয়েছেন। বুধবার চিকিৎসাকর্মীরা এ তথ্য জানিয়েছেন। তেল আবিবের কাছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র এলাকায় এ হামলা হয়। একই ঘটনায় একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্রের ধাতব টুকরোর আঘাতে জাতীয় রেল চলাচল স্থগিত করা হয়েছে। রামাত গান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
কর্তৃপক্ষ জানায়, রাতভর হামলায় মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ আঘাত হানে। এতে পুরো এলাকায় সাইরেন বেজে ওঠে। এর আগে ইরান ও লেবাননে ইসরায়েল ভারী হামলা চালায়। সর্বশেষ ঘটনায় গত মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
পুলিশের মুখপাত্র ডিন এলসডুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তেল আবিব সংলগ্ন রামাত গানে একটি আবাসিক ভবনে ক্লাস্টার বোমা আঘাত হেনেছে। ক্লাস্টার বোমা আকাশে বিস্ফোরিত হয়ে বিস্তীর্ণ এলাকায় ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এর আগে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে।
এলসডুন বলেন, বোমার আঘাতে একটি কক্ষে থাকা বৃদ্ধ দম্পতির ওপর ছাদের অংশ ধসে পড়ে। সাইরেন বাজলেও তারা নিরাপদ কক্ষে যাননি। এতে মর্মান্তিক ঘটনা ঘটে। ওমের নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, টানা একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির ভিডিওচিত্রে দেখা গেছে, ধ্বংসস্তূপে ভরা একটি সড়কে পুলিশ, উদ্ধারকর্মী ও সামরিক সদস্যরা কাজ করছেন।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা ম্যাগেন ডেভিড আদম জানায়, ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসাকর্মীরা বলেন, একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ভাঙা কাচ ছড়িয়ে ছিল। তেল আবিব এলাকার আরেক শহর বেনেই ব্রাকে ধাতব টুকরোর আঘাতে একজন সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানায়, তেল আবিব জেলায় একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অপসারণে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।
জাতীয় রেল কর্তৃপক্ষ জানায়, তেল আবিবের প্রধান স্টেশনের প্ল্যাটফর্মে ধাতব টুকরোর আঘাতে ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সারা দেশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সামরিক বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে একটি রেলস্টেশনে হোম ফ্রন্ট কমান্ডের সদস্যদের কাজ করতে দেখা যায়। প্ল্যাটফর্মে ভাঙা কাচ ও ট্রেনের জানালার ক্ষয়ক্ষতি দেখা গেছে। আলাদা এক বিবৃতিতে হোম ফ্রন্ট কমান্ড জানায়, মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়ার পর তাদের অনুসন্ধান ও উদ্ধার দল কাজ করছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ‘শহীদ ড. আলি লারিজানি ও তার সঙ্গীদের রক্তের প্রতিশোধে’ তারা মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েল মঙ্গলবার জানায়, তারা ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যা করেছে। তেহরানও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এ ঘটনার পর ইরান আরও অন্তত দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে সতর্কতা জারি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
এসজেড