স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস এদেশের সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে জনগণকে মুক্ত করার ইতিহাস।
আজ শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে ও শুনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়। ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ কোনো কৃতিত্ব অন্য কাউকে দিতে চায় না এবং সব অর্জন হাসিনার বাবার করার প্রবণতা তাদের মধ্যে রয়েছে।
তবে তিনি বলেন, ছাত্র গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সকলের অবদান সরকার স্বীকার করে। এটিকে তিনি তাদের উদারতার পরিচয় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। সবাই মিলে একাত্তরের ইতিহাসকে আগে সম্মান জানাতে হবে। একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে তা মিলবে না।’
thebgbd.com/NA