সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দুই মাস পার হলেও নিয়োগপত্র না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
আজ রোববার (২৬ এপ্রিল) সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রত্যাশীরা রাজধানীতে জড়ো হয়ে প্রথমে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। পরে পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে বসে পড়েন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার ফল প্রকাশসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হলেও এখন পর্যন্ত তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি। এতে করে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।
চাকরিপ্রত্যাশীরা জানান, সরকারের পক্ষ থেকে নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করারও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দেশের ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মোট ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
thebgbd.com/NA