খেলার মাঠে হার-জিত থাকেই, কিন্তু সেই ব্যর্থতার গ্লানি সইতে না পেরে না ফেরার দেশে চলে গেলেন ১৯ বছর বয়সী এক উদীয়মান নারী ক্রিকেটার। পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের নির্বাচনি ট্রায়ালে সুযোগ না পেয়ে নিজ ঘরে আত্মহত্যা করেছেন তিনি।
নিহত ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। তিনি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে। অ্যাঞ্জেল গত দুই বছর ধরে পুদুচেরিতে থেকে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং পাশাপাশি একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি থুথিপেটে অনুষ্ঠিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। কিন্তু গত বুধবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ওই দিন রাত ৮টার দিকে প্র্যাকটিস থেকে ফিরে তিনি নিজের ঘরে চলে যান।
পরে রাত গভীর হলে কোচ তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। সন্দেহ হওয়ায় কোচ তার বাড়িতে গিয়ে দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে অ্যাঞ্জেলের দেহ ঝুলছে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
thebgbd.com/NIT