ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

  • অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষে বড় ধরণের কূটনৈতিক ও বাণিজ্যিক সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, চীন কেবল মার্কিন পণ্য কেনার বড় প্রতিশ্রুতিই দেয়নি, বরং তেহরানকে কোনো ধরণের সামরিক সহায়তা না দেওয়ারও অঙ্গীকার করেছে।

ট্রাম্পের মতে, চীনও চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন যে চীন ইরানকে কোনো সামরিক অস্ত্র সরবরাহ করবে না।

তিনি বলেন, 'শি বলেছেন তিনি কোনো সামরিক সরঞ্জাম দেবেন না। এটি একটি বড় বক্তব্য।'

একই সাথে কৌশলগত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' পুনরায় উন্মুক্ত করার বিষয়েও চীন একমত হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, চীন ওই অঞ্চল থেকে প্রচুর তেল আমদানি করে, তাই তারাও চায় এই জলপথটি নিরাপদ থাকুক। এমনকি এই জট কাটাতে শি জিনপিং মধ্যস্থতা বা সহায়তার প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, চীন ২০০টি মার্কিন 'বোয়িং' বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। 'বোয়িং ১৫০টি বিক্রি করতে চেয়েছিল, কিন্তু শি জিনপিং ২০০টি বড় বিমানের প্রতিশ্রুতি দিয়েছেন। এতে আমেরিকায় প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', বলেন তিনি।

তিনি আরও জানান, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানিতে রাজি হয়েছে। ট্রাম্প বলেন, 'আমরা এখন টেক্সাস, লুইজিয়ানা এবং আলাস্কা থেকে চীনা জাহাজে করে তেল পাঠানো শুরু করব। তাদের যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো জ্বালানি, আর আমাদের কাছে তা সীমাহীন।' এছাড়াও চীন বিপুল পরিমাণ মার্কিন সয়াবিনসহ অন্যান্য কৃষিপণ্য কিনবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক এখন অত্যন্ত চমৎকার উল্লেখ করে ট্রাম্প বলেন, শি জিনপিং একজন 'উষ্ণ হৃদয়ের মানুষ'। তিনি আরও বলেন, 'শি পুরোপুরি পেশাদার... তার মধ্যে কোনো লুকোচুরি বা কূটচাল নেই। এটি একটি ভালো দিক।'

হলিউড যদি কখনো কোনো সিনেমায় শি জিনপিংয়ের চরিত্রের জন্য অভিনেতা খোঁজে, তবে তার মতো কাউকে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, 'তিনি অনেক লম্বা। বিশেষ করে এই দেশের মানুষের উচ্চতা সাধারণত কিছুটা কম হওয়ায় তাকে বেশ দীর্ঘদেহী মনে হয়।'

এবারের বাণিজ্য আলোচনা আগের তুলনায় অনেক ভালো হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, গতবার স্বাক্ষরিত ৩৬টি চুক্তির চেয়ে এবারের সমঝোতাগুলো অনেক বড়। তিনি জানান, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিনসহ প্রচুর পরিমাণে কৃষিপণ্য কিনবে। চীন যুক্তরাষ্ট্রের কাছে আসলে কী চায়—এমন প্রশ্নের জবাবে বিস্তারিত না বলে ট্রাম্প বলেন, 'অনেক কিছু আলোচনার আছে, তবে তালিকাটি বেশ দীর্ঘ।'

চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি আগের চেয়ে অনেক কমেছে দাবি করে ট্রাম্প বলেন, তিনি চীনের বিশাল বাজারকে আমেরিকার জন্য উন্মুক্ত করতে চান। বেইজিংয়ের এই সফর ও শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ককে তিনি আগের যেকোনো সময়ের চেয়ে 'সেরা' হিসেবে বর্ণনা করেন।


thebgbd.com/BYB