গাজা উপত্যকায় ইসরায়েলের দুটি পৃথক বিমান হামলায় এক শিশু ও তিন নারীসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৫০ জন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের বর্তমান সামরিক প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে তিনি এই হামলায় নিহত বা আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
গাজার চিকিৎসাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার (১৫ মে) গাজা শহরের রিমাল এলাকায় কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর নিকটবর্তী একটি সড়কে থাকা একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি চালানো হয়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, লক্ষ্যবস্তু হওয়া ভবনটিতে শত শত মানুষ বসবাস করছিলেন। আকস্মিক এই হামলায় ভবনটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য ছিল হামাস কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ।
২০২৫ সালের মে মাসে সাবেক কমান্ডার মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর হাদ্দাদ হামাসের সামরিক শাখার প্রধান হন। ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন হাদ্দাদ এবং তিনি হাজার হাজার ইসরায়েলি নাগরিক ও সৈন্য হত্যা ও অপহরণের জন্য দায়ী। তবে হাদ্দাদের বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত অক্টোবর মাসে মার্কিন সমর্থনে একটি চুক্তি হওয়ার পর গাজায় বড় ধরনের যুদ্ধ সাময়িকভাবে থামলেও, স্থায়ী শান্তি ফেরেনি। ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্নির্মাণের মতো বিষয়গুলো নিয়ে বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'গাজা-পরবর্তী' পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই এই হামলাটি ঘটলো।
অক্টোবরের ওই চুক্তির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৮৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানকার ২০ লক্ষাধিক বাসিন্দা চরম মানবিক সংকটের মধ্যে অস্থায়ী তাবু ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে বসবাস করছেন।
সূত্র : রয়টার্স
thebgbd.com/NIT