ঢাকা | বঙ্গাব্দ

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

  • নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর, ২০২৬
‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’ ফাইল ছবি

 জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতে ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী হলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। 


মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন রাশেদ খাঁন।


ভিডিওতে তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের উদ্দেশ্যে আমির হামজাকে ঘিরে ছড়িয়ে পড়া একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজ উদ্যোগে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।



রাশেদ খাঁনের দাবি, ভিডিওটি প্রকাশের পর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে প্রচার করেন যে, অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।


তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন তিনি। এ অনুসন্ধানের ভিত্তিতে ভাইরাল হওয়া কথোপকথনের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ।



আমির হামজার পক্ষ থেকে ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে শপথ করার বিষয়টিও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার অভিযোগ, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব না দিয়ে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করেছেন আমির হামজা।


রাশেদ খাঁনের দাবি, জামায়াতে ইসলামী নিজেদের নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ জবাব না দিয়ে বরং সমালোচকদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছে।



তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন। নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনা করা হয়েছিল বলেও জানান তিনি। তবে বিষয়টি প্রকাশ্যে না আসায় পরবর্তী সময়ে তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় বলে অভিযোগ করেন রাশেদ।


আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।



তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য পদত্যাগ করেছেন। কিন্তু আমির হামজা কিংবা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর জামায়াতের আমির কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি বলে দাবি করেন তিনি।


এ ধরনের অবস্থানের মাধ্যমে অভিযুক্তদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।



এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগকেও সত্য বলে দাবি করেন রাশেদ খাঁন। এ বিষয়ে জামায়াতের আমির অবগত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।


ভিডিওবার্তার শেষ দিকে আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর শরিয়া আইন বাস্তবায়নের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।


তিনি বলেন, জামায়াত যদি সত্যিই শরিয়া আইন প্রতিষ্ঠায় বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে সেই আইনের প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত।



এ সময় শরিয়া আইনে ব্যভিচারের শাস্তি হিসেবে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করে আমির হামজার ক্ষেত্রেও এমন শাস্তি কার্যকর করা হবে কি না, তা জানতে চান তিনি।


রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াত একদিকে শরিয়া আইনের কথা বলছে, অন্যদিকে নিজেদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ভিন্ন অবস্থান নিচ্ছে। তার মতে, এ ধরনের অবস্থান দলটির বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসংগতির প্রশ্ন তৈরি করছে।


সবশেষে এসব অভিযোগের প্রসঙ্গ তুলে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। 



thebgbd.com/BYB