ঢাকা | বঙ্গাব্দ

কমলাপুরে মেট্রোরেল প্রকল্পে ২৭৪ কোটির কাজ ৪৬৫ কোটিতে পেয়েছে ভারতীয় কোম্পানি

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ অক্টোবর, ২০২৫
কমলাপুরে মেট্রোরেল প্রকল্পে ২৭৪ কোটির কাজ ৪৬৫ কোটিতে পেয়েছে ভারতীয় কোম্পানি ফাইল ছবি

মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রকল্পে বিদ্যুৎযান্ত্রিক ব্যবস্থা স্থাপনে ভারতীয় একটি কোম্পানি প্রাথমিক বরাদ্দের ৭০ শতাংশ বেশি ব্যয়ে কাজ পেয়েছে।


২০২০–২১ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) এই খাতে ২৭৪ কোটি টাকা বরাদ্দ রেখেছিল মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কিন্তু ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসন অ্যান্ড টুব্রুকে কাজ দেওয়া হয়েছে ৪৬৫ কোটি টাকায়।


মেট্রোরেল বর্ধিতকরণের এই কাজ ইতিমধ্যে নির্ধারিত সময়সীমা মানতে ব্যর্থ হয়েছে। চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় নতুন সময়সীমা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।


তবে ডিএমটিসিএল এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান দাবি করেছেন, তারা আলোচনার মাধ্যমে খরচ কমাতে পেরেছেন। যুক্তি হিসেবে তারা বলছেন, ভারতীয় কোম্পানি আরও বেশি টাকা দাবি করেছিল; আলাপ–আলোচনার মাধ্যমে ব্যয় কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।


দরপত্রের শুরুতে ঠিকাদারের চাওয়া ছিল প্রায় ৬৫০ কোটি টাকা। প্রাক্কলনের চেয়ে দ্বিগুণের বেশি অর্থ দাবি করায় অন্তর্বর্তী সরকার এত বেশি দরে কাজ করাতে আগ্রহী ছিল না। কিন্তু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং প্রকল্পে অর্থায়নকারী সংস্থা জাইকার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তাদের ঠিকাদার দিয়েই কাজটি করাতে হচ্ছে।


thebgbd.com/NIT