ঢাকা | বঙ্গাব্দ

ইউপিএসের ৪৮ হাজার কর্মী ছাঁটাই

জানুয়ারিতে কোম্পানিটি জানায়, তারা ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ আমাজনের পার্সেল পরিবহন অর্ধেকের বেশি কমিয়ে আনবে।
  • অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০২৫
ইউপিএসের ৪৮ হাজার কর্মী ছাঁটাই ইউপিএস প্যাকেজিং।

যুক্তরাষ্ট্রের শিপিং জায়ান্ট ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) ঘোষণা করেছে, তারা কমপক্ষে ৪৮ হাজার কর্মী ছাঁটাই করছে। এটি কোম্পানির বড় পুনর্গঠন পরিকল্পনার অংশ এবং আমাজনের পার্সেল ডেলিভারি কমানোর সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।


ইউপিএসের প্রধান অর্থ কর্মকর্তা ব্রায়ান ডাইকস জানান, কোম্পানির ড্রাইভার কর্মীর সংখ্যা গত এক বছরে প্রায় ৩৪ হাজার কমানো হয়েছে। যার এক-তৃতীয়াংশই গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন। সেসময় ‘স্বেচ্ছা অবসর কর্মসূচি’র আওতায় এটি করা হয়। পুনর্গঠনের অংশ হিসেবে তারা  আরও ১৪ হাজার পদ বাতিল করেছে। এর লক্ষ্য ‘আরও কার্যকর অপারেটিং মডেল’ তৈরি, যা বাজার পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারবে।


২০২৪ সালের শেষে বিশ্বব্যাপী ইউপিএসের মোট কর্মী ছিল ৪ লাখ ৯০ হাজার। গত জানুয়ারিতে কোম্পানিটি জানায়, তারা ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ আমাজনের পার্সেল পরিবহন অর্ধেকের বেশি কমিয়ে আনবে। 


ইউপিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারল টোমে বলেছেন, এ পদক্ষেপ কোম্পানির অলাভজনক কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করতে সাহায্য করবে। আমাজনের চুক্তি কমার কারণে ইউপিএস যুক্তরাষ্ট্রে আরও ১৯টি ভবনের কার্যক্রম বন্ধ করেছে। এ নিয়ে এ বছরই মোট ৯৩টি ভবন বন্ধ করা হল। তবে, ৩৫টি স্থাপনায় নতুন স্বয়ংক্রিয় প্রযুক্তি (অটোমেশন) চালু করা হয়েছে বলে জানিয়েছেন ইউপিএস কর্মকর্তারা।


কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১ দশমিক ৩ লাখ বিলিয়ন ডলার লাভ করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮ শতাংশ কম। রাজস্বও ৩ দশমিক ৭ শতাংশ কমে ২১ দশমিক ৪শ’ কোটি বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে এ ঘোষণা পর ইউপিএসের শেয়ারমূল্য ৮ শতাংশ বেড়েছে।


সূত্র: এএফপি


এসজেড