ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনে বিচারমন্ত্রী বরখাস্ত

রাশিয়ার হামলায় দেশটির অবকাঠামো এ বছর নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ার মুহূর্তে তদন্তের বিষয়টি প্রকাশ্যে এলো।
  • অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর, ২০২৫
ইউক্রেনে বিচারমন্ত্রী বরখাস্ত জার্মান গালুশচেঙ্কো

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো আজ বুধবার বলেছেন, দেশটির জ্বালানি খাতে দুর্নীতি নিয়ে কেলেঙ্কারির মধ্যেই বিচারমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো’কে বরখাস্ত করা হয়েছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


অ্যান্টি করাপশন প্রসিকিউটররা সাবেক জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলার একদিন পরই সিদ্ধান্তটি নেওয়া হলো। প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো এক বিবৃতিতে জানান, জার্মান গালুশচেঙ্কোকে বিচারমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মান গালুশচেঙ্কোর দায়িত্ব সামলাবেন উপমন্ত্রী লিউদমিলা সুগাক।


স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (এসএপিও) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ মিত্র তিমুর মিন্ডিচকে জ্বালানি খাতে ১০০ মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারি পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ করেছে।


তাদের দাবি, চার বছর ধরে জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা গালুশচেঙ্কো জ্বালানি খাতে অর্থ প্রবাহ ঠিক রাখার বিনিময়ে মিন্ডিচের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। রাশিয়ার হামলায় দেশটির অবকাঠামো এ বছর নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ার মুহূর্তে তদন্তের বিষয়টি প্রকাশ্যে এলো।


সূত্র: এএফপি


এসজেড