যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইল-এর মালিক ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট (ডিএমজিটি) আজ শনিবার জানিয়েছে, টেলিগ্রাফ সংবাদপত্রটি কেনার জন্য তারা মার্কিন-আমিরাতি কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০ কোটি পাউন্ডের চুক্তি করেছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ডিএমজিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের জন্য রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০কোটি পাউন্ড মূল্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিএমজিটি।’ ১৭০ বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী সংবাদপত্রটি কিনে নেওয়ার সম্ভাবনা ডিএমজিটিকে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ডানপন্থী মিডিয়া গ্রুপে পরিণত করতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক বেসরকারি বিনিয়োগ সংস্থা— রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স ব্রিটেনের অন্যতম বৃহৎ পত্রিকা টেলিগ্রাফ কেনার চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহ পর এই চুক্তি হয়েছে।
রেডবার্ডের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, টেলিগ্রাফের নিউজরুমের জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের অভ্যন্তরীণ বিরোধের কারণেই তারা নিলাম থেকে সরে এসেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, মালিকানা হস্তান্তরে প্রায় ৫০ কোটি পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ব্যয় করা অর্থ পরিশোধের জন্যই এই মূল্য নির্ধারণ করা হয়। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য ইতোমধ্যেই একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে। এই আলোচনা শিগগিরই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে তারা।
এদিকে মালিকানা হস্তান্তরের বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি টেলিগ্রাফ। রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই শনিবার ঘোষিত চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।’
সূত্র: এএফপি, রয়টার্স
এসজেড