পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে আগামী ২৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া এবং নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৩ ডিসেম্বর) ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষা এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্ত হলো আরও দুই দিন
পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে এর সঙ্গে ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করা হয়েছে। এর পর ২৮ ডিসেম্বর থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হবে।
পরীক্ষা হবে জানুয়ারিতে
শীতকালীন ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি শিক্ষাগত ঘাটতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
সভায় আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রতিটি বিভাগ নতুন সময়সূচি নির্ধারণ করবে।
উল্লেখ্য, ইতোমধ্যে সকলেই অবগত আছেন, ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে হলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিভিন্ন আবাসিক হলের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আবাসিক হল খোলার পরও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে। সভায় এ ব্যাপারে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
thebgbd.com/NIT