যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পোর্টাল ১০০শব্দ.কম-এর উদ্যোগে রাজধানীতে রিকশাচালকসহ গণপরিবহন সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ এবং প্রাথমিক চিকিৎসার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) মিরপুর-১৪ নম্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রিকশা ও অটোরিকশা চালকদের হাতে ফার্স্ট এইড কিট তুলে দেওয়া হয়। একইসঙ্গে, দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সেবাদান বিষয়ে তাদের প্রাথমিক চিকিৎসার ওপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচও’ শীর্ষক এই জনসচেতনতামূলক কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ১০০শব্দ.কম-এর সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।
প্রশিক্ষণ অনুষ্ঠানে চিকিৎসকরা অংশগ্রহণকারীদের দুর্ঘটনার পর নিরাপদে এগিয়ে যাওয়ার নিয়ম, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, চোটপ্রাপ্ত স্থানের সঠিক পরিচর্যা, শ্বাসকষ্ট দেখা দিলে সহায়তা পদ্ধতি, জনসমাগম নিয়ন্ত্রণ এবং আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে সরানোর নিয়মসহ জরুরি সেবার জন্য যথাসময়ে যোগাযোগের প্রক্রিয়া শেখান।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে মানসম্মত ফার্স্ট এইড কিট প্রদান করা হয়। কিটে ছিল—ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপটিক, টেপ, সেফটি পিন, ছোট কাঁচি, গ্লাভস, মাস্কসহ প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও’ লেখা স্টিকারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সভাপতি মুরসালিন নোমানী, যিনি চালকদের হাতে ফার্স্ট এইড কিট তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক জি এম রাজিব হোসেন।
যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১০০শব্দ.কম-এর সম্পাদক আশিক ইসলাম বলেন, “ঢাকায় প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকশাচালক ও গণপরিবহন চালকরাই প্রায়শই সবার আগে ঘটনাস্থলে পৌঁছান। তারা যদি প্রাথমিক চিকিৎসায় দক্ষ হন, তাহলে অনেক জীবন রক্ষা করা সম্ভব।” তিনি ভবিষ্যতে এ উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, ইয়াসির আরাফাত রিপন, এম এইচ শৈকত, আক্তারুজ্জামান, দৈনিক ১০০শব্দ-এর চিফ টেকনোলজি অফিসার মো. মশিউর রহমান, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান রাফিন, শিকদার আল জিন্না, সাংবাদিক রিদওয়ান ও শাপলা, ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান এবং ডা. এনায়েত হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NIT