ঢাকা | বঙ্গাব্দ

হাদিকে গুলি: ভারতে গিয়ে সেলফি মাসুদের

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০২৫
হাদিকে গুলি: ভারতে গিয়ে সেলফি মাসুদের ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।


গতকাল রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ভারতে পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন।


নিজের প্রোফাইল থেকে করা পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।


তিনি আরও লেখেন, ‘+৯১৬০০১৩৯৪০** এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।


যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’




এর আগে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।


এ দিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গতকাল (রোববার) রাত পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।


তারা হলেন— হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।


thebgbd.com/NIT