রাজ্যে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চালু করেছিল ভারতীয় নির্বাচন কমিশন। মৃত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া ছিল মূল উদ্দেশ্য। একাধিক বিধানসভায় ভোটার তালিকায় নামে গরমিল থাকায় পশ্চিমবঙ্গের প্রতি আসন থেকে হাজার হাজার ভোটার বাদ পড়েছে।
এবার মহারাষ্ট্র বিজেপির কর্মশালায়ও কর্মীদের ‘ভুয়া ভোটার’ শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর মাধ্যমে সংখ্যালঘুদের বাদ দেওয়া নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (এসপি) উদ্বেগ প্রকাশ করেছে।
জানা গেছে, তথাকথিত ‘পশ্চিমবঙ্গ মডেল’ অনুসরণ করে মহারাষ্ট্রের বিজেপি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে ৫০ লাখেরও বেশি ভোটারের নাম বাদ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, নির্দিষ্ট কিছু এলাকা ও সম্প্রদায়ের ভোটারদের ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে।
বুধবার (৬ মে) বিজেপি দাদরের (পূর্ব) বসন্ত স্মৃতিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে একটি কর্মশালার আয়োজন করে।
এতে ৭০০-এরও বেশি এমপি, বিধায়ক ও দলীয় নেতা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চাভান অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের ‘ভুয়া ভোটার’ হিসেবে চিহ্নিত করার বিষয়ে নির্দেশনা দেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি অভ্যন্তরীণভাবে মহারাষ্ট্রের ৫০ লাখেরও বেশি ভোটারকে অযোগ্য ঘোষণা করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এসআইআর প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য বিজেপি মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের ১ লাখ ৭০ হাজার বুথ জুড়ে দলীয় কর্মীদের মোতায়েন থাকার নির্দেশ দিয়েছে।
দলীয় সূত্রের মতে, এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাদ দেওয়া।
সূত্র : ন্যাশনাল হেরাল্ড
thebgbd.com/NIT