ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে মুক্তিপণ দাবির ১৮ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

  • নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০২৬
ফেনীতে মুক্তিপণ দাবির ১৮ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ছবি : সংগৃহীত।

ফেনীর দাগনভূঞা পৌরসভার দাসপাড়ায় মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ।  নিহত শিশুর নাম হাসান। সে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা তারেক ও তারজিনা আক্তার দম্পতির ছেলে।


শিশুটির বাবা মোহাম্মদ তারেক জানান, গত শনিবার দাগনভূঞা পৌরসভার দাসপাড়ার বাসার সামনে থেকে সকালে হাসান নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যার দিকে একটি মোবাইল নম্বর (০১৯২৭০৩৫৬০৩) থেকে ফোন করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। 


মুক্তিপণ না দিলে হাসানকে হত্যার হুমকিও দেয় অপহরণকারী চক্র। এ ঘটনায় পরদিন রোববার (১০ মে) সকালে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুর পরিবার।


স্বজনদের অভিযোগ, শিশু নিখোঁজ ও মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে জানানোর পরও তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পুলিশের গাফিলতির কারণেই শিশু হাসানকে প্রাণ হারাতে হয়েছে বলে দাবি করছেন তারা।


তবে গাফিলতির অভিযোগ প্রসঙ্গে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, 'স্বজনরা পুলিশের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ তুলছেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।'


দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ হতে পারে। প্রাথমিক তদন্তে হুমকি দেওয়া মোবাইল নম্বরটির অবস্থান নওগাঁর বলে জানা গেছে।


thebgbd.com/NA